শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

যমজের সঙ্গে যমজের বিয়ে: টাঙ্গাইলে জমকালো আয়োজনে দুই ভাইয়ের জীবনসঙ্গিনী হলেন দুই বোন!

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



টাঙ্গাইল প্রতিনিধি | Bnc News

যমজ ভাইদের জীবনসঙ্গিনী হিসেবে যমজ বোনএমন বিয়ের গল্প সচরাচর সিনেমা কিংবা গল্পেই বেশি দেখা যায়। তবে এবার বাস্তবেও মিলল তেমন এক বিরল ঘটনার দেখা। টাঙ্গাইলের ভূঞাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যমজ দুই বোনের সঙ্গে লক্ষ্মীপুরের যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বর-কনেকে একনজর দেখতে কনে বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক জনতা।

বুধবার (১৭ জুন) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের যমজ দুই ছেলের এই রাজকীয় বিয়ে সম্পন্ন হয়।


পারিবারিক সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের যমজ দুই ভাই মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার দুজনেই উচ্চশিক্ষা শেষ করে বর্তমানে দুবাই প্রবাসী হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ে সুমাইয়া আক্তার লতা ও সোনিয়া আক্তার পাতা দুজনেই এবার এইচএসসি পরীক্ষার্থী। বুধবার ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা দেনমোহরে আনুষ্ঠানিকভাবে দুই জোড়া যমজের এই বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে বড় ভাই আব্দুর রাজ্জাকের সঙ্গে সুমাইয়ার এবং ছোট ভাই আব্দুল জব্বারের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়।


ব্যতিক্রমী এই বিয়ের পেছনের গল্পটি আরও আকর্ষণীয়। নবদম্পতিদের যমজ দুভাই Bnc News-কে বলেন, "আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি এবং সব কাজ একসাথেই করেছি। তাই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ও সিদ্ধান্ত ছিল কোনো যমজ বোনকেই আমরা জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেব। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপ ও মেসেঞ্জারে তথ্য আদান-প্রদানের মাধ্যমে আমরা এই যমজ দুই বোনের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ, দুই পরিবারের সম্মতিতে আমাদের স্বপ্ন পূরণ হলো। আমরা খুবই আনন্দিত এবং আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।"

কনেদের চাচা রফিকুল ইসলাম মনি Bnc News কে জানান, "সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় এক শিক্ষকের সহায়তায় আমরা এই যমজ দুই ছেলের সন্ধান পাই। আমাদের ভাতিজিরা এবার এইচএসসি পরীক্ষা দেবে আর ছেলেরাও শিক্ষিত ও প্রবাসী। মহান আল্লাহ তাআলা নিজ হাতে তাদের এই চমৎকার জুটি মিলিয়ে দিয়েছেন। আমরা তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।"

ছেলের বাবা মোঃ নুরুল আলম Bnc News-কে বলেন, "যমজ দুই ছেলের জন্য একসাথে এমন দুই যমজ মেয়েকে পুত্রবধূ হিসেবে ঘরে তুলতে পেরে বাবা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।"

এদিকে এলাকা জুড়ে এখন শুধুই এই নবদম্পতিদের বিয়ের গুঞ্জন। স্থানীয় প্রতিবেশীরা জানান, সাধারণত
এ ধরনের বিয়ে সচরাচর দেখা যায় না। তাই দাওয়াত থাকুক বা না থাকুক, কৌতূহল সামলাতে না পেরে দূর-দূরান্ত থেকে মানুষ বিয়ে বাড়িতে ভিড় করছেন। পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

"সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।"


×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন